হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাহুবল বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের টমটম স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, যাত্রী ওঠানামা এবং চালকদের কাছ থেকে বিভিন্ন ফি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য উপজেলা সদরের ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়দের আরেকটি সূত্র জানায়, বাহুবল থেকে রামপুর-ফয়জাবাদ রুটে চলাচলকারী টমটমে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করেও টমটম ও সিএনজি চালকদের মধ্যে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, পূর্ববিরোধের জেরে টমটম ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।