নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জায়েদ বিন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস।
এ ছাড়া বক্তব্য দেন সিনিয়র শিক্ষিকা পারভীন নাহার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী তনুশ্রী রায়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নবীন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আজকের দিনটি তোমাদের জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ—মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকের নতুন আঙিনায় প্রবেশ করেছ। তোমাদের এই ক্যাম্পাস শুধু ইট-পাথরের কোনো দালান নয়; এটি তোমাদের স্বপ্ন গড়ার কারিগর।
তিনি বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছায়াতলে থেকে পড়াশোনার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য সৌভাগ্য ও গৌরবের বিষয়। উচ্চমাধ্যমিকের এই দুই বছর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়টিকে কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার ওপর ভবিষ্যৎ জীবনের সফলতা অনেকাংশে নির্ভর করবে। তাই প্রতিটি ঘণ্টা ও প্রতিটি দিনকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, “বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই চ্যালেঞ্জিং সময়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে প্রথাগত শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিতে নিজেদের দক্ষ করে তুলতে হবে।
বাঁধন পবিপ্রবি ইউনিট পরিদর্শন উপাচার্যের
এদিকে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আগে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন, পবিপ্রবি ইউনিটের আমন্ত্রণে সংগঠনটির ইউনিট অফিস পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় তিনি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মো. নজরুল ইসলাম সংগঠনের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। উপাচার্য বলেন, বাঁধন পবিপ্রবি ইউনিটের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং বাঁধন পবিপ্রবির সাবেক সাধারণ সম্পাদক শাহ তৈমুর রহমান তামিমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন বাঁধন পবিপ্রবি ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিউল আলম নাহিদ, কোষাধ্যক্ষ মো. জুবাইদ হোসেন, দপ্তর সম্পাদক ওমর সাইদ নাঈম, তথ্য ও শিক্ষা সম্পাদক বখতিয়ার উল্লাহ চৌধুরী লাবিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকতিয়া বুলবুলিসহ সংগঠনের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।