
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার(৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। ‘আজকের পেপার’-এর সম্পাদক মো. রাজিব ইসলাম তারিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘আজকের পেপার’-এর উপদেষ্টা ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামিমুল ইসলাম। সাংবাদিক সোলায়মান তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আব্দুল হালিম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানুষের অধিকার, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসরণ করা জরুরি।
তারা আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও সত্য, ন্যায় ও জনকল্যাণের স্বার্থে গণমাধ্যমের দায়িত্ব অভিন্ন। সমাজের অনিয়ম, অসঙ্গতি ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদে তুলে ধরতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ‘আজকের পেপার’-এর সম্পাদক মো. রাজিব ইসলাম তারিম।
অনুষ্ঠানে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।