
পটুয়াখালীর দুমকিতে আঙ্গারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত জামাল খানের ছেলে ও গাছ ব্যবসায়ী আরিফ খানের বসতঘরে গভীর রাতে ইটপাটকেল নিক্ষেপ, দরজা-জানালায় আঘাত ও গাছ কাটার ঘটনা ঘটেছে বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরিফ খান জানান, ১ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার মধ্যে কয়েক দফায় অজ্ঞাত ব্যক্তিরা তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালায় লাঠিসোঁটা দিয়ে আঘাত করেন। এ সময় কলাগাছসহ বিভিন্ন গাছপালা কেটে ফেলা এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
এ ছাড়া ২ সেপ্টেম্বর রাতে দুটি জাম্বুরা গাছের ফল ও ডালপালা কেটে আরও প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন সাউথ বাংলাকে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।