
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্তমান পটুয়াখালী জেলা বিএনপি আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর এমন বক্তব্যের সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ দেন।
দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সদস্য মোশতাক আহম্মেদ পিনু।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান, পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি ইমাম মো. নাছির উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন হাওলাদার।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করেন। একই সঙ্গে বিএনপিকে আরও শক্তিশালী করতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলায় যুবদলের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের অবহেলা করা হয়েছে।
এ ছাড়া গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি আলোচনা সভায় এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান বক্তারা।
সভায় উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।