নিজস্ব প্রতিবেদকঃ রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার(২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের সংস্কৃতি, অর্থনীতি ও পুষ্টির অন্যতম প্রধান উৎস মৎস্য সম্পদ। নদীকে শুধু শাসন নয়, মাছের চাহিদা পূরণে নদীকে লালন করতে হবে।
তিনি বলেন, নদীর স্বাভাবিক গতিপথ, মৎস্য প্রজননক্ষেত্র ও প্রাকৃতিক অভয়ারণ্য রক্ষা করতে হবে। নদী দূষণমুক্ত রাখা এবং মাছের নির্বিঘ্ন প্রজননের পরিবেশ নিশ্চিত করা গেলে দেশীয় মাছের উৎপাদন ও বৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, উপকূলীয় নদী ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয়ে গবেষণা, নতুন প্রযুক্তি ও টেকসই মৎস্য চাষের মডেল নিয়ে কাজ হচ্ছে। এসব উদ্যোগ জেলে ও মৎস্যচাষীদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের নীলকমল লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।