মোঃ সজিব সরদার
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) ক্লাবের উদ্যোগে জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী রাফিন আবসারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও মেধার যথাযথ বিকাশ অপরিহার্য। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও উন্নত গবেষণা টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। পবিপ্রবির শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশগত গবেষণায় জার্মানি বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয় দেশ। দেশটির বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম বা কোনো টিউশন ফি না থাকায় মেধাবী শিক্ষার্থীদের জন্য সেখানে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। বিশ্বমানের ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তি ও গবেষণা তহবিলও শিক্ষার্থীদের আকৃষ্ট করছে।
সেমিনারে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD)-এর রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে জার্মানির উচ্চশিক্ষা, গবেষণা ও বৃত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের প্রতারণামূলক এজেন্সি এড়িয়ে নির্ধারিত ও যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন।
সেমিনারে পবিপ্রবির বিভিন্ন অনুষদের প্রায় ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।