
পটুয়াখালী প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পক্ষে প্রচারণা চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আট শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের পত্র পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে প্রচারণা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩(৬) এবং পবিপ্রবির কর্মচারীদের সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধির ধারা ২(ছ)-এর পরিপন্থী ও গুরুদণ্ডমূলক অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, কেন তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে হবে।
শোকজ পাওয়া আটজন হলেন—প্রফেসর ড. মো. জুয়েল হাওলাদার (উদ্যানতত্ত্ব বিভাগ), মো. নঈম কাওছার (ডেপুটি রেজিস্ট্রার, এএনএসভিএম অনুষদ), মো. ওয়াজকুরুনী (ডেপুটি রেজিস্ট্রার, মাৎস্যবিজ্ঞান অনুষদ), তানজিলুর রহমান (ডেপুটি রেজিস্ট্রার, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার), মো. ফিরোজ আলম (ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, আইসিটি সেল), আসমা আক্তার সেতু (সেকশন অফিসার, কেন্দ্রীয় গবেষণাগার), শামীম আহম্মদ (সেকশন অফিসার, ব্যবসায় প্রশাসন অনুষদ) এবং আরিফুর রহমান পিয়েল (সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়)।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে আটজনের বিরুদ্ধেই একই ধরনের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। কারণ দর্শানোর জবাব পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।