
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে রাতের আঁধারে একটি ফলের বাগানের ৫ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার রাজিহার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভালুকশী পূর্ব গোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মন্নান আকনের ছেলে হেলাল আকন শখের বসে রাজিহার ইউনিয়নের ভালুকশী পূর্ব গোয়াইল গ্রামে তার পৈতৃক জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের বাগান গড়ে তোলেন। সম্প্রতি রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই বাগানে প্রবেশ করে ৫ শতাধিক ফলজ ও অন্যান্য গাছ কেটে ফেলে।
হেলাল আকনের অভিযোগ, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন প্রতিবেশী এ ঘটনার সঙ্গে জড়িত। তার দাবি, কামাল ফকিরের নেতৃত্বে টাকার বিনিময়ে লোকজন ভাড়া করে রাতের আঁধারে বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে।
ঘটনার পর হেলাল আকন আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অভিযোগ পাওয়ার পর আগৈলঝাড়া থানার এএসআই তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরেই বাগানের গাছ কাটার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।