
মোঃ সজিব সরদার
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দুমকি থানার এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমানকে আটক করে তল্লাশি চালান।
এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির অর্থ বলে দাবি করা নগদ ৩৫ হাজার টাকাও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকা প্রসাদ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুমকি থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-০৪।
তিনি আরও বলেন মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে দুমকি এলাকায় অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।