
নিজ দলের নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঝালকাঠি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান।
পোস্টে রফিকুল ইসলাম জামাল লেখেন, ‘ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন।’ এরপর তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাহারা দেওয়া, তাদের পক্ষে ওকালতি করা, বাড়িঘর পাহারা দেওয়া এবং ঠিকাদারি নিয়ন্ত্রণের বিনিময়ে সুবিধা নেওয়ার অভিযোগ করেন।
এ ছাড়া অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগও তোলেন তিনি। পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘মনে হচ্ছে আপনারা দলটাকেই খেয়ে ফেলবেন।’
তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।