নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে নিজের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ বক্তব্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর স্থানীয় ব্যবসায়ী মো. গোলাম সরোয়ার।
রবিবার(২ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সদর উপজেলার ১১ নং আউলিয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক চৌকিদারের ওপর হামলার ঘটনায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। ওই ঘটনায় তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন বলেও দাবি করেন গোলাম সরোয়ার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ জুলাই রাতে ইউপি সদস্য ফারুক চৌকিদারের ওপর হামলার সময় তিনি পটুয়াখালী সরকারি কলেজ রোডে তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘সাহাল ফার্মেসি’তে অবস্থান করছিলেন। অথচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক চৌকিদার একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার নাম উল্লেখ করে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
গোলাম সরোয়ার বলেন, হামলার ঘটনায় দায়ের করা এজাহারে তার নাম নেই। তিনি বলেন, ‘আমি যদি ঘটনার সঙ্গে সম্পৃক্ত না হই, তাহলে কেন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হলো—বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।
সংবাদ সম্মেলনে মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তার দাবি, মামলার পঞ্চম আসামি তাসিন চৌকিদার ঘটনার সময় ঢাকায় কর্মস্থলে ছিলেন। ষষ্ঠ আসামি জসিম চৌকিদার পণ্যবাহী ট্রাক নিয়ে বাইরে ছিলেন। সপ্তম আসামি হুমায়ুন চৌকিদার যাত্রী নিয়ে মোটরসাইকেলে পটুয়াখালীর পথে ছিলেন। আর অষ্টম আসামি ইউনুচ চৌকিদারের বয়স ৬৫ বছরের বেশি।
এ সময় ইউপি সদস্য ফারুক চৌকিদারের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তোলেন গোলাম সরোয়ার। তিনি দাবি করেন, ফারুক চৌকিদারের বিরুদ্ধে জমি ও বাজারের দোকান দখলসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়ে তিনি কারাভোগ করেছেন বলেও দাবি করেন গোলাম সরোয়ার। তবে এসব অভিযোগের সমর্থনে সংবাদ সম্মেলনে কোনো প্রামাণ্য নথি উপস্থাপন করা হয়নি।
গোলাম সরোয়ার তার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে ইউপি সদস্য মো. ফারুক চৌকিদারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।