কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত বৃদ্ধ হারিচ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় ধুলাসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।
সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ধুলাসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনার সময় ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত হারিচ আহমেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ষড়যন্ত্র করে হত্যা মামলার আসামি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আহত ব্যক্তির জীবন রক্ষায় সহযোগিতা করাই ছিল তার দায়িত্ব। সেই ব্যক্তিকেই হত্যা মামলায় জড়ানো অন্যায় ও দুঃখজনক। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের স্ত্রী নাসিমা বেগম, ছেলে সোহেল খন্দকার, স্থানীয় জামাল শিকদার, শহিদুল ইসলামসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নয়াকাটা গ্রামের বাসিন্দা হারিচ আহমেদ ওরফে মজিবুরের ওপর হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে র্যাব।