সৈয়দ নুর আহসান
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪ নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শীলা ইসলাম (শিলা মেম্বার) মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।ক
শীলা ইসলাম আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত মুখ ছিলেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।