নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দুমকী সাব-জোনাল অফিসে আইসিবিএস (Integrated Centralized Billing System-ICBS) চালুর লক্ষ্যে আগামী ১০ আগস্ট ২০২৬ বিকেল ৪টা থেকে ১৪ আগস্ট ২০২৬ রাত ১২টা পর্যন্ত বিলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই)পল্লী বিদ্যুৎ সমিতির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন কেন্দ্রীয় বিলিং ব্যবস্থা চালুর কারিগরি কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে নির্ধারিত সময়ে দুমকী সাব-জোনাল অফিসের বিলিং-সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬-এর মধ্যে যেসব গ্রাহকের বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ রয়েছে, তারা ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত কোনো বিলম্ব মাশুল ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।