মোঃ সজিব সরদার
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর এবং ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিপ্রবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হলো। ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং একাডেমিক সহযোগিতার মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ই উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ডিন প্রফেসর ড. ইউকিফলি বলেন, এই সমঝোতার ফলে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিনিময় কর্মসূচি এবং যৌথ গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে, যা আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।