সাউথ বাংলা ডেস্ক||
পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, তরমুজ ক্ষেত নষ্ট, ঘরভাঙচুর, টাকা ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। বাঁশবাড়িয়া ইউনিয়নের তরমুজ চাষি ফরিদ উদ্দিন হাওলাদার অভিযোগ করেছেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফরিদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন নজরুল। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে নজরুলের নেতৃত্বে ১২–১৩ জন চর ফাতেমা এলাকায় গিয়ে ফরিদের চাষ করা প্রায় ২০ হাজার অঙ্কুরিত তরমুজ চারা নষ্ট করে দেয়।
এ নিয়ে প্রতিবাদ করলে ফরিদকে বলা হয়— “চাঁদা না দিলে চরে তরমুজ চাষ করতে দেওয়া হবে না।”
সেদিন রাতেই বাঁশবাড়িয়া গ্রামের ঘেরে অবস্থিত ফরিদের ঘরে হামলা চালানো হয়। রাত ১০টার দিকে ৯–১০ জন মুখোশধারী লোক দরজা ভেঙে ভেতরে ঢুকে ফরিদকে মারধর ও কোপানোর চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মোশারেফ চৌকিদার বলেন,
“১০–১২ জন লোক রামদা নিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে ছিল। তাদের হাতে অস্ত্র দেখে সামনে যেতে ভয় লাগছিল।”
প্রতিবেশী আলেয়া ও সাহিনুরও হামলার সত্যতা নিশ্চিত করেন।
ফরিদ উদ্দিন জানান, হামলাকারীরা তার ঘর ভাঙচুর করে তোশকের নিচে রাখা দেড় লাখ টাকা নিয়ে যায়।
“নজরুল নিজেই রামদা গলায় ঠেকিয়ে জবাই করার হুমকি দিয়েছে,” দাবি তাঁর।
যুবদল নেতা নজরুল ইসলাম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন—
“তরমুজ চারা নষ্ট বা রাতে হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন—
“ঘটনার বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”