মনিরুল ইসলাম, কুয়াকাটা থেকে....
পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ রায়হান (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় হোটেল মারমেইড প্যালেসের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রায়হান পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তিনি নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের নুর আলম হাওলাদারের ছেলে।
তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে রায়হান তার কাছে মাদক আছে বলে স্বীকার করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার হাতে থাকা সাদা শপিং ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। ডিজিটাল ওয়েট মেশিনে ওজন শেষে জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়। গাঁজার নমুনা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
গ্রেপ্তারের সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে গ্রেপ্তার রায়হানসহ কনস্টেবল মোস্তাফিজ ও আলী আজিম খান সামান্য আহত হন। পরে তাদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান দীর্ঘদিন ধরে মহিপুরসহ আশপাশের এলাকায় মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা ছিল বলে জানান তিনি। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।