আশুরিয়া হোতা খালের সেতু পার হতে কাঠের সাঁকোর ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ছবি- সাউথ বাংলা।
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আশুরিয়া হোতা খালের ওপর নির্মিত ব্রিজ দুই বছর ধরে সংযোগ সড়ক ছাড়া ঝুলে আছে। ফলে স্কুল-শিক্ষার্থী, বয়স্ক ও শিশুসহ হাজারো মানুষ পারাপার হচ্ছেন কাঠের সাঁকো ব্যবহার করে।
বুধবার(২৯ অক্টোবর) সকালে সরেজমিনে গেলে উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা আক্তার, অটোচালক আবুল হোসেন, স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম তালুকদার জানান, ব্রিজটি দুমকি আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা, উত্তর শ্রীরামপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, গাবতলী প্রাথমিক বিদ্যালয় এবং সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ গাবতলী ও দক্ষিন মুরাদিয়া এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা ফসল বাজারজাত করতে পারছেন না, আর হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবা পৌঁছানোও দুষ্কর।
ইউপি সদস্য কবির হোসেন মৃধা অভিযোগ করেন, কর্তৃপক্ষ এখাকার লোকদের মানুষ মনে করে না। মূল সেতু হয়েছে অনেক দিন, সংযোগ সড়ক হচ্ছে না। কখন কার হাত-পা ভাঙে, ভয়ে থাকতে হয়।
এদিকে ঠিকাদার ঠিকাদার ইমরান হোসেন এবং দুমকী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান সাউথ বাংলাকে বলছেন, বৃষ্টির জন্য সংযোগ সড়কের কাজ হয়নি, কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে।