নিজস্ব প্রতিনিধি, বরিশাল | ১৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জে পদোন্নতি পাওয়া ৮ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। রবিবার সকালে রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে তিনি নবপদোন্নত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গ্রেড-১৫ (উপজেলা প্রশিক্ষক) থেকে গ্রেড-১০ (সার্কেল অ্যাডজুটেন্ট) পদে উন্নীত করা হয় তাঁদের। রেঞ্জ কমান্ডার বলেন, “পদোন্নতি শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটি নতুন দায়িত্বের প্রতীক। দেশের নিরাপত্তা ও উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
পদোন্নতিপ্রাপ্তরা হলেন— মমতাজ বেগম, কহিনুর বেগম, তাহমিনা খাতুন, ইসমেত আরা বেগম, আসমা আক্তার, ওমর ফারুক, মোঃ বিপ্লব হোসেন ও মজিবুর রহমান। অনুষ্ঠানে বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, সহকারী পরিচালক নাওশিন শারিকা ও রাবেয়া সুলতানা নাজমাও উপস্থিত ছিলেন।