নিজস্ব প্রতিবেদক||
চল্লিশ বছরের ভিক্ষায় জমে গিয়েছিল দুই বস্তা টাকা। নোট–কয়েন মিশে একাকার। বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসী ঘণ্টার পর ঘণ্টা গুনে দেখলেন—ভিক্ষুক সালেয়া বেগমের সঞ্চয়ে পাওয়া গেছে ১ লাখ ২৬ হাজার টাকা।
সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ার পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে টাকাগোনা। নষ্ট নোট ও পচা কয়েন বাদে ব্যবহারযোগ্য এই টাকাই এখন সালেয়ার চিকিৎসার কাজে ব্যয় করা হবে বলে জানায় স্থানীয়রা।
প্রায় ৬৫ বছর বয়সী সালেয়া বেগম সিরাজগঞ্জ শহরের কওমি জুট মিলে বারান্দায় বসবাস করতেন। চার দশক ধরে ভিক্ষা করে জমানো এই টাকা উদ্ধারকে ঘিরে এলাকায় এখনো চলছে চাঞ্চল্য।