
বরগুনা, মোঃ শাহজালাল:
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমানের বিরুদ্ধে সংরক্ষিত মহিলা সদস্য মাছুমা আক্তার গালিগালাজ, শ্লীলতাহানি ও খুন-জখমের হুমকির অভিযোগ তুলেছেন। বুধবার (২৮ আগস্ট) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।
মাছুমা আক্তার জানান, প্যানেল চেয়ারম্যান তার ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দিচ্ছেন। এই বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তদন্তে ডাকলে ২৬ আগস্ট সেখানে উপস্থিত হওয়ার পর মোখলেছুর রহমান অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য তেড়ে আসেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিবাদ করার কারণে একই ইউনিয়নের বাসিন্দা নিয়াজ মোর্শেদ অপুর বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। এছাড়া প্রকাশ্যে খুন-জখমের হুমকিও দেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
মাছুমা আক্তার বলেন, “প্যানেল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের ঐতিহ্য নষ্ট করেছেন। ইউনিয়নের ট্যাক্স ও সরকারি সহায়তার সিংহভাগ আত্মসাৎ করেছেন। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেওয়া হয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢলুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান-২ মোঃ জাহিদুল ইসলাম সুমন, ইউপি সদস্য মোঃ আল আমিন হোসেন আরিফ, মোঃ নাসির উদ্দিন, মোছাঃ ছবি বেগমসহ আরও অনেকে।
মাছুমা আক্তার বলেন, “আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু প্যানেল চেয়ারম্যানের কর্মকাণ্ড আমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। তার অনৈতিক কর্মকাণ্ডের বিচার চাই।”
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপির ছত্রছায়ায় নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন প্যানেল চেয়ারম্যান। শহরে থাকা তাঁর আত্মীয়-স্বজনের মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডও চলছে।