নিজস্ব সংবাদদাতা||
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় গতকাল (২০ আগষ্ট) মুখোমুখি হলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার নেতারা।
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল লতিফ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহ হিল মাসুদ, যুগ্ম মহাসচিব কৃষিবিদ মোনোয়ারুল ইসলাম এনাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও পরিষদের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, একই পদে থাকা আরেক ডেপুটি রেজিস্ট্রার মো. নজরুল ইসলামসহ একাধিক কেন্দ্রীয় নেতা।
পবিপ্রবি জিয়া পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, নির্বাহী সদস্য মো. আরিফুর রহমান নোমান। তাঁদের সঙ্গে ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবির সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম।
আলোচনায় পবিপ্রবি শাখার নেতারা তাঁদের কর্মকাণ্ডের বিস্তারিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেন। জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁদের কার্যক্রমের প্রশংসা করে বলেন— ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘিরে জনসম্পৃক্ততা গড়ে তুলতে পবিপ্রবি শাখাকে উদ্যোগী হতে হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেন কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের মুখোমুখি করা হয়”—সে বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে জিয়া পরিষদের কর্মীদের।
সভা শেষে পবিপ্রবির নেতারা উপাচার্য ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আবদুল লতিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায়।