দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি||
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কার্যকলাপের অভিযোগে দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো. শাহিন আলম (ফোরকান)কে পদ থেকে অব্যাহতি দিয়েছে পটুয়াখালী জেলা শ্রমিকদল।
রোববার জেলা শ্রমিকদলের সহ-প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের যৌথ নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও আদর্শের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্তব্য করতে রাজি হননি।
দুমকি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক মৃধা বলেন, ‘জমিজমা সংক্রান্ত মামলার জের ধরে স্থানীয় একটি প্রতিপক্ষের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। হয়তো সেই কারণেই দল তাঁকে অব্যাহতি দিয়েছে।’
শাহিন আলম (ফোরকান) বলেন, ‘আমি এখনো চিঠি হাতে পাইনি, লোকমুখে শুনছি। পারিবারিক জমিসংক্রান্ত দ্বন্দ্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি আশা করছি, জেলা নেতারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’