দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি|
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামলা আবাসন থেকে ডাকাতিয়া খালগোড়া হয়ে তালুকদার বাজার পর্যন্ত মাটির রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তালুকদার বাজার রাস্তায় আয়োজিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন দক্ষিণ সালামপুর মইনুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ আলী খান। বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম শাহিন খান, জাকির হোসেন হাওলাদার, গোলাম কিবরিয়া, সাংবাদিক প্রকৌশলী কামাল হোসেন, ব্যবসায়ী জাহিদুল ইসলামসহ অনেকে।
বক্তাদের অভিযোগ, প্রায় পঞ্চাশ বছর আগে পানি উন্নয়ন বোর্ড রাস্তাটি নির্মাণের পর আর কোনো মেরামত বা পাকাকরণের কাজ হয়নি। বর্ষায় কাদা, গর্ত ও জমে থাকা পানিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অথচ এই রাস্তাই চার ইউনিয়নের মানুষ প্রতিদিন উপজেলা শহর দুমকি ও জেলা শহর পটুয়াখালীতে যাতায়াতের প্রধান মাধ্যম।
ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, এমনকি জরুরি রোগী পরিবহনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তারা। অবিলম্বে রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা প্রশাসন ও এলজিইডির হস্তক্ষেপ চান এলাকাবাসী।
মানববন্ধনে মৌকরন, মুরাদিয়া, লেবুখালী ও লাউকাঠী ইউনিয়নের বাসিন্দারাও যোগ দেন।