নিজস্ব সংবাদদাতা, গলাচিপা |
"কলম যার ছিল হাতিয়ার, আজ নেই সে প্রহরী সংবাদ জগতের"—আঁখিতে অশ্রু আর কণ্ঠে কাঁপন নিয়ে গলাচিপায় স্মরণ করা হল মুশফিকুর রহমান রিচার্ডকে।
গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক সংবাদ পত্রিকার নির্ভীক প্রতিনিধি মুশফিকুর রহমান রিচার্ডের প্রয়াণে সোমবার বিকেলে গলাচিপা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত হয় এক হৃদয়স্পর্শী আলোচনা ও দোয়া মাহফিল। উপস্থিত ছিলেন সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সমাজের অন্তরঙ্গ বন্ধুরা।
বক্তব্য রাখেন রিচার্ডের পিতা—বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ভারপ্রাপ্ত সম্পাদক মুনতাসির মামুন, সহসভাপতি ও সাংবাদিক জাকির হোসাইন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ।
“রিচার্ডের মতো সাহসী সাংবাদিক এ প্রজন্মে বিরল,”—বলতে বলতে গলা ভার হয়ে আসে সহকর্মীদের। একে একে বক্তব্যে উঠে আসে রিচার্ডের নির্ভীক কলম, সত্যের পক্ষে অবস্থান আর গলাচিপার উন্নয়নমূলক সংবাদে তার আপোষহীন ভূমিকা।
উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের গলাচিপা প্রতিনিধি, শিক্ষক সমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বহু শ্রেণিপেশার মানুষ। স্মৃতিচারণ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন ও হাফেজ নূরে আলম সিদ্দিকি।
২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান রিচার্ড। বয়স হয়েছিল মাত্র ৪০।