উপজেলা প্রশাসনের উদ্যোগ, অংশ নিলেন রাজনৈতিক ও সামাজিক নেতারাও
দুমকি (পটুয়াখালী):
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিপর্যয় মোকাবিলায় গাছ লাগানোর বার্তা নিয়ে পটুয়াখালীর দুমকিতে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক।
এদিন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং উপস্থিত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয় সবুজের বার্তাবাহী চারাগুলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, বন বিভাগের প্রতিনিধি, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
ইউএনও জানান, “গাছ মানেই জীবন। পরিবেশ রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ শ্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল।