পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাজনীতিতে ফিরে এলো গণতন্ত্রের ছোঁয়া। দীর্ঘ ২৩ বছর পর বহুল প্রতীক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলনে সরাসরি ভোটে নেতা বেছে নিল জেলা বিএনপি।
গতকাল (২ জুলাই) গভীর রাতে ভোট গণনা শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। সভাপতি পদে ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক স্নেহাংশু সরকার কুট্টি। তার প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহম্মদ বায়জিদ (পান্না মিয়া) পেয়েছেন ৪০২ ভোট। বাতিল ভোট ছিল ১০টি।
সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। তিনি পেয়েছেন ৪৭৪ ভোট, মাত্র ৫৪ ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন বশির আহম্মদ মৃধা।
ভোট পরিচালনার দায়িত্বে থাকা সাবেক পিপি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবদুল হক ফরাজীর নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের দাবি—পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।
সম্মেলনের শুরুতে সকালে পতাকা উত্তোলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু। বিকেলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ভোর থেকেই শহরের জিমনেসিয়াম চত্বরে দেখা যায় কাউন্সিলরদের দীর্ঘ লাইন। কেউ ছাতা মাথায়, কেউ রোদে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগে অনড়।
বরিশাল বিভাগের ইতিহাসে এই প্রথমবার জেলা পর্যায়ে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করল বিএনপি। ফলে তৃণমূলের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মীদের চোখে-মুখে নতুন আশার আলো।
এই নতুন নেতৃত্ব জেলার রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে, দলকে পুনরুজ্জীবিত করতে পারবে কিনা—সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা অবধি সকলে।