নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন। আজ রোববার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে কৃষি অনুষদ মিলনায়তনে আয়োজন করা হয় এক আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, সদ্য সাবেক ডিন প্রফেসর ড. পূণেনর্দু বিশ্বাসসহ অনুষদের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় ভাইস-চ্যান্সেলর বলেন, “একজন দক্ষ ও প্রজ্ঞাবান ডিন একটি অনুষদকে যেমন এগিয়ে নিতে পারেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন। আমি বিশ্বাস করি, প্রফেসর দেলোয়ার হোসেন সেই ভূমিকা সুচারুভাবে পালন করবেন।”
প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, “শিক্ষা ও গবেষণায় কৃষি অনুষদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নবনিযুক্ত ডিনের নেতৃত্বে এ ধারা আরও বেগবান হবে বলে আমার প্রত্যাশা।”
নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, “এই দায়িত্ব আমার কাছে কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি পবিত্র আমানত। আমি শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার প্রসার এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
অনুষ্ঠানে সদ্য প্রয়াত রিজেন্ট বোর্ড সদস্য ও ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কবিরুল ইসলাম।