মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি||
দাম আনুমানিক পাঁচ কোটি টাকা। ইয়াবা আর গাঁজায় ঠাসা গোটা চালান। অভিনব কৌশলে মাছ ধরার জালে লুকিয়ে পাচার হচ্ছিল ইয়াবা। র্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে হাতেনাতে ধরা পড়ে মাদকচক্র। রবিবার সেই বিপুল পরিমাণ মাদক ধ্বংস করল বাংলাদেশ কোস্টগার্ড।
সকালে ভোলা কোস্টগার্ড বেইসের একটি পরিত্যক্ত স্থানে চলে মাদকের সেই ধ্বংসযজ্ঞ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন সেই সময়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানালেন, ২৬ ফেব্রুয়ারি কুয়াকাটার ঝাউবন ঘেরা এলাকায় চলে গোপন অভিযানের কার্যক্রম। এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার হয় জালের ভেতর থেকে। গ্রেফতার হয় ১৬ মাদক পাচারকারী।
এর পর, ২৬ মার্চ বরিশাল কীর্তনখোলা নদীসংলগ্ন কায়াচর এলাকা থেকে উদ্ধার হয় আরও ২ কেজি গাঁজা। আদালতের নির্দেশেই রবিবার ধ্বংস করা হয় ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা।
কোস্টগার্ডের তরফে জানানো হয়েছে, মাদক নির্মূলে অভিযান চলবে আগামীতেও। এরকম মাদক-চক্র ভেঙে দিতে কোনও আপস নয়, সাফ বার্তা আইনশৃঙ্খলা বাহিনীর।