ভোলা প্রতিনিধি||
ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে চরাঞ্চলের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন কৃষক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল পাঠানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে কবির মোল্লা বলেন, ‘জমিতে আমরা লগ্নি করে চাষাবাদ করছি। বসার কথাও ছিল, তবে কে বা কারা হামলা করেছে, তা আমরা জানি না।’
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাজার এলাকায়।
আহত কৃষকদের অভিযোগ, জমির মালিকানা থাকা সত্ত্বেও ইউনিয়ন বিএনপির তিন নেতা তাদের জমি দখল করে নিয়েছেন। এ নিয়ে কাগজপত্র দেখিয়ে আলোচনায় বসার কথা থাকলেও, ওই তিন নেতা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।
আহতদের মধ্যে রয়েছেন—মো. হান্নান, পল্লী চিকিৎসক শরিফ, মো. শরিফ, ইলমান হোসেন নোমান, আইয়ুব আলী, রবিউল ও সোহাগ। বাকি ৪৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহত কৃষক রবিউল বলেন, ‘আমরা বৈধ মালিকানার কাগজপত্র নিয়ে বসার জন্য বলেছিলাম। কিন্তু তারা আলোচনার বদলে আমাদের ওপর হামলা চালান।’
চিকিৎসাধীন পল্লী চিকিৎসক শরিফ বলেন, ‘আমি মোবাইলে ভিডিও ধারণ করছি ভেবে তারা আমার ওপর হামলা করে। এতে আমার বাঁ হাত ভেঙে যায় এবং ফোনটিও নিয়ে যায়।’
চরফ্যাশনের দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার সাউথ বাংলাকে বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’