মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় এক পথচারীকে মারধর করে ১৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম নেছার উদ্দিন (৩৫)। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
নেছার উদ্দিন জানান, তিনি একটি গরুর বাছুর কেনার উদ্দেশ্যে টাকা নিয়ে বাংলাবাজার যান। তবে পছন্দসই দাম না মেলায় তিনি টাকা নিয়েই বাড়ি ফিরছিলেন। পথে মাস্টার হাট মসজিদের সামনে পৌঁছালে ৩নং ওয়ার্ডের মৃত সেকান্তরের ছেলে মো. মহিউদ্দিন এবং ২নং ওয়ার্ডের মৃত ঔদদ আলীর ছেলে আনোয়ার তার পথরোধ করে।
তিনি অভিযোগ করেন, “তারা আমাকে মারধর করে মাথায় আঘাত করে। আমি মাটিতে পড়ে যাই। তারা আমার পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা আমার হাতে কামড় দেয় এবং টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”
পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।
অভিযুক্ত মহিউদ্দিন জানান, “নেছার কিছুদিন আগে আমার বোনকে মারধর করেছে। বর্তমানে সে ভোলা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বাজারে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে সে আমাকে থাপ্পড় দেয়। এরপর আমি তাকে মারধর করি। তবে আমি তার কোনো টাকা নেইনি।”
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”