নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার ঘিগড়া গ্রামে এক গৃহবধূর দুধেল গাভি জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। মা ছাড়া দুর্বল হয়ে পড়া এক মাস বয়সী বাছুরটিকে কোলে নিয়ে শুক্রবার ঝালকাঠি আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী নারী নারগিস আক্তার (২৫)। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নারগিস জানান, তার স্বামী আবু বকর দীর্ঘদিন নিখোঁজ। গার্মেন্টসে কাজ করে কষ্ট করে একটি গাভি কেনেন তিনি। সম্প্রতি সেই গাভির একটি বাছুর জন্ম নেয়। কিন্তু হঠাৎ করে বুধবার সকালে স্থানীয় শুক্তাগড় ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বেলাল খান এসে দাবি করেন, নারগিসের স্বামী তার কাছে ৯ বছর আগে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে দাবি করে তিনি জোর করে গাভিটি নিয়ে যান।
নারগিস বলেন, “গরুটি আমি নিজের টাকায় কিনেছি সংসার চালানোর আশায়। এখন গাভি না থাকায় বাছুরটি দুধ পাচ্ছে না। সে দুর্বল হয়ে পড়েছে, বোতলে দুধ আর ভাতের মাড় খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মো. বেলাল খান সাংবাদিকদের বলেন, “আবু বকর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন। দীর্ঘদিন টাকা ফেরত না পাওয়ায় গাভিটি নিয়ে এসেছি।”
এদিকে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মুবিন বলেন, “ঘটনার সময় আদালতপাড়ায় আমি উপস্থিত ছিলাম। লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। লিখিতভাবে অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার তদন্ত ও গৃহবধূর অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।