ভোলা প্রতিনিধি||
ভোলার মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আপ্পান হাওলাদারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ মে) ছাত্রদলের জেলা সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আপ্পান হাওলাদারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনও ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে “মনপুরায় বিআরডিবি কর্মকর্তার মোটরসাইকেল চুরি করল বিএনপির সাবেক সেক্রেটারির ছেলে” শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। একই ঘটনায় তজুমদ্দিন থানার এক এসআই ও অভিযুক্ত ছাত্রদল নেতার বাবার মধ্যে ফোনালাপের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলার বিষয়ে তারা কোনও ছাড় দেবে না।