মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি||
ঝালকাঠির রাজাপুরে নিবন্ধিত ৩০ জন জেলের মধ্যে বিকল্প আয়ের সুযোগ তৈরিতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের "দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন" প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিজন জেলেকে একটি করে বাছুর দেওয়া হয়। এতে তারা মাছ ধরা ছাড়াও গবাদিপশু পালনের মাধ্যমে অতিরিক্ত আয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র। তিনি বলেন, “সরকার জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে। গবাদিপশু পালনের মাধ্যমে তারা টেকসই বিকল্প জীবিকা গড়ে তুলতে পারবেন।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ। তিনি জানান, “প্রতিটি গরুর জন্য প্রয়োজনীয় ভেটেরিনারি সেবা ও পরামর্শ দেওয়া হবে।”
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল বলেন, “এই প্রকল্প শুধু প্রাকৃতিক সম্পদ সংরক্ষণই নয়, সম্পদের ওপর নির্ভরশীল মানুষের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে চায়।”
বকনা বাছুর পেয়ে খুশি জেলেরা। তারা জানান, গরুগুলো বড় হলে দুধ ও বংশবিস্তারের মাধ্যমে বাড়তি আয় সম্ভব হবে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।