পাবনা প্রতিনিধি||
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ইউনিয়ন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অষ্টমনিষা বাজারের অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়সংলগ্ন ক্লাবঘরটি ৫ আগস্ট থেকে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওই কার্যালয়ের সামনে এবং পাশেই বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে পৃথকভাবে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। তদন্ত চলছে, আইনি প্রক্রিয়াও প্রাথমিকভাবে শুরু হয়েছে।
বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, 'রাতের নির্জন সময় এভাবে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ খুবই উদ্বেগজনক। আমরা আতঙ্কে আছি, তবে কারা ঘটিয়েছে, তা বলতে পারছি না।'
এ ঘটনায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, 'কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, জানি না। তবে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার রাতেই এমন ঘটনা ঘটায় সন্দেহের তীর তাঁদের দিকেই যায়।'
এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, 'ঘটনার তদন্ত চলছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।'