মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম প্রতিনিধি||
চট্টগ্রামের হাটহাজারীতে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মা দিবস ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দীন আলী। প্রধান অতিথি ছিলেন লায়ন কহিনুর কামাল এমজেএফ, জেলা গভর্নর, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-৪।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. এনায়েত উল্লাহ চৌধুরী, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মো. নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিৎ বড়ুয়া। বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি মো. নুরুল আবছার ও অভিভাবক প্রতিনিধি মো. হোসেন।
প্রধান অতিথি বলেন, ‘অভিভাবকেরা সন্তানদের পড়াশোনার খোঁজ নিতে নিয়মিত স্কুলে আসলে শিক্ষার্থীদের মনোযোগও বাড়বে।’
সভাপতি লায়ন সালাউদ্দীন আলী বলেন, ‘বিদ্যালয়ের নতুন ভবনের ছাদে পানি পড়ে। এটি নির্মাণের সময় সঠিক তদারকির অভাবে হয়েছে। আমি যত দিন সভাপতি থাকব, একটি টাকাও অপচয় হতে দেব না।’