নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী||
পটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে শুক্রবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরবয়রা গ্রামে অভিযান চালিয়ে শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোনাছেফ মৃধার ছেলে ও সাবেক ইউপি সদস্যপ্রার্থী জসিম মৃধাকে আটক করা হয়।
পরে শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে থানা ব্রিজ এলাকা থেকে একই মামলার আরেক আসামি, শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত কাঞ্চন আলী মৃধার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সাহেব আলী মৃধা (৫০)-কে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে মোক্তার সর্দারের ছেলে মতলেব সর্দার (৪৭)-কেও একই মামলায় আটক করা হয়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, “বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রায় এক বছর পর, ২০২৪ সালের ৭ নভেম্বর মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় মামলা দায়ের করেন।