মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম প্রতিনিধি:||
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় র্যাব-৭ এর ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পলাশ সাহা অপারেশনের উদ্দেশ্যে অস্ত্রাগার থেকে নিয়ম অনুযায়ী পিস্তল গ্রহণ করেন এবং নিজ অফিস কক্ষে ফেরেন। আনুমানিক ১১টা ৪৫ মিনিটে অফিস কক্ষ থেকে গুলির শব্দ শুনে র্যাব কর্মকর্তারা ছুটে যান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ সাহার ডেস্ক থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল—
“আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না...’’
র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, “তিনি অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”
এই আত্মহত্যার ঘটনায় পুরো র্যাব বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।