পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রহস্যজনকভাবে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জীন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, যত দ্রুত সম্ভব নারীর পরিচয় শনাক্ত করে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা খালে ময়লা ফেলতে গেলে পানির মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
উদ্ধারকৃত নারীর পরনে ছিল লাল ও খয়েরি রঙের মেক্সি। তবে শরীরে পচন ধরায় তাঁর মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, যার ফলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাবাসীর কেউই তাঁকে চিনতে পারছেন না বলে জানা গেছে।
এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, "খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।"
এ ঘটনায় রহস্যের জট বাড়ছে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা হয়তো ওই নারীকে হত্যা করে লাশ ফেলে গেছে। তবে এটি আত্মহত্যা, নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড—তা জানতে পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় রেখে অনুসন্ধান চালাচ্ছে।
এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, যত দ্রুত সম্ভব নারীর পরিচয় শনাক্ত করে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা হবে।