পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।
মঙ্গলবার (৬ মে) বরিশালের চরমোনাই দরবার শরীফে দলের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের হাতে হাত রেখে তিনি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শতাধিক অনুসারী ও স্থানীয় নেতাকর্মী।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই পেরোলেও দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন।
তার এই দলবদলকে ঘিরে উপকূলীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোড়ন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির প্রতি অসন্তোষ, কাঙ্ক্ষিত মূল্যায়ন না পাওয়া এবং আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
বিশ্লেষকদের মতে, অধ্যাপক মোস্তাফিজুর রহমানের দীর্ঘ অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিশেষ করে পটুয়াখালী-৪ আসনে শক্ত ভিত্তি গড়তে সাহায্য করতে পারে।
তবে এই দলবদল আদর্শিক নাকি কৌশলগত—এ নিয়ে সরব উপকূলীয় রাজনৈতিক অঙ্গন। অনেকেই বলছেন, রাজনীতিতে আবারও সক্রিয় হয়ে ওঠার চেষ্টাই এর মূল চালিকা শক্তি। এখন দেখার বিষয়, ভোটের মাঠে অধ্যাপক মোস্তাফিজ কতটা প্রভাব রাখতে পারেন।