পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমানের বদলির আদেশ বাতিলের দাবিতে জনসাধারণ, সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন।
সোমবার (৫ মে) সকাল ১১টায় গলাচিপা উপজেলার পুরাতন ইউএনও অফিসের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইউএনও মিজানুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা। তার সময়ে গলাচিপায় প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এসেছে, নাগরিক সেবা সহজতর হয়েছে এবং দুর্নীতি হ্রাস পেয়েছে। এমন একজন কর্মকর্তার আকস্মিক বদলি জনমনে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সুবাহান মিয়া, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ কামাল খান, এডভোকেট জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে ইউএনও মিজানুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। পরে তারা বরিশাল বিভাগীয় কমিশনার বরাবর পটুয়াখালী জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপিও জমা দেন।
জনসাধারণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কী পদক্ষেপ আসে তা এখন দেখার বিষয়।