ছাগলে ধান খাওয়া কেন্দ্র করে হামলা-মারধর, উত্তপ্ত লালমনিরহাটের জনপদ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, হামলা ও মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন এবং অভিযুক্তদের বিচার দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল বাদশা মিয়া নামের এক ব্যক্তির ছাগল পাশের জমির ধান খেয়ে ফেলে। এ নিয়ে ধান চাষির সঙ্গে বাদশা মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধান চাষি ছাগলটি ধরে নিয়ে গিয়ে নিজের বাড়িতে বেঁধে রাখে। পরে ছাগলের মালিক ছাগল ফেরত দেওয়ার প্রস্তাব দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ঘটনার মীমাংসায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকের উদ্যোগ নিলে এর আগেই ছাগলের আরেক মালিক, যিনি পেশায় ইজিবাইক চালক, আদিতমারী বাজারে যাত্রী নিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। তাকে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। এ ছাড়া ছাগলের মালিক বাদশা মিয়া যিনি পেশায় একজন গ্রাম পুলিশ, তার পদ থেকে অব্যাহতির বিষয়ে স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে। হামলার শিকার পরিবার এবং স্থানীয়রা বাদশা মিয়াকে পুনরায় গ্রাম পুলিশ হিসেবে বহালের দাবিও জানান।
এ বিষয়ে আদিতমারী থানার ওসি বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছেন।