তারিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি||
কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে একটি উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, এক তরুণ সমুদ্রসৈকত থেকে পা দিয়ে ফুটবলটি আকাশে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন। ১২ সেকেন্ডের এই ভিডিও দেখে মনে হচ্ছে, বলটি উড়োজাহাজের ওপর দিয়ে উঠে নিচে পড়ে গেছে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, বিমানবন্দরের উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায় এবং অবতরণের সময় এক হাজার মিটার উচ্চতায় থাকে। ফলে বালুচর থেকে ছুড়ে মারার ফুটবলটি বিমান পর্যন্ত পৌঁছাতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
তবে, তিনি আরও জানান যে সমুদ্রসৈকত এলাকায় উড়ন্ত বিমান লক্ষ্য করে কিছু নিক্ষেপ করা যেমন, ফুটবল, ড্রোন উড়ানো কিংবা আতশবাজি নিক্ষেপ করা একেবারেই নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রম থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মুকিত জানান, তারা এধরনের ভিডিও খতিয়ে দেখছেন এবং সৈকতে ফুটবল খেলা নিষিদ্ধ করেছে। ফুটবল পেলেই তা জব্দ করা হবে বলে সতর্ক করেন তিনি।