রাজশাহীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এক তালাকপ্রাপ্ত নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় এক পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। ঘটনা ঘটে বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে।
আটক পুলিশ সদস্যের নাম টিএম নাছির উদ্দিন, তিনি রাজশাহী পুলিশ লাইনে কনস্টেবল (ওয়ারলেস অপারেটর) হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, সন্দেহভাজন অবস্থায় ওই নারী ও পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে পুলিশ এসে তাদের মতিহার থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা থানার হেফাজতে রয়েছেন।
ওই নারী ও নাছির দাবি করেন, তারা কালেমা পড়ে মৌলভীর মাধ্যমে বিয়ে করেছেন। তবে কোনো রেজিস্ট্রি বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাদের বিয়ের বিষয়ে দুইজন সাক্ষী ও মসজিদের ইমামের অবগত থাকার কথা বলেন তারা।
ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, "বিয়ের দাবি করেছে, তবে কোনো কাগজপত্র নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"