মো. শাহজালাল, বরগুনা||
সারা দেশের ন্যায় বরগুনাতেও ১ মে থেকে শুরু হচ্ছে ৯ম বারের মতো জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৫। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরগুনা জেলা ও ছয়টি উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করেছে।
সপ্তাহব্যাপী কর্মসূচিতে রয়েছে:
১ মে: শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
২ মে: সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ
৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রশিক্ষণ
৪ মে: ‘মিট দ্য প্রেস’
৫ মে: আন্তঃযোগাযোগ ও সোর্স সমন্বয় সভা
৬ মে: ঢাকার উদ্দেশ্যে যাত্রা
৭ মে: জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ
বিএমএসএফ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর দলমত নির্বিশেষে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
সংগঠনটির মতে, দেশে বিভিন্ন পেশার সপ্তাহ থাকলেও সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সপ্তাহ নেই—এটি দুঃখজনক। ২০১৭ সাল থেকে ১-৭ মে “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” হিসেবে পালন করে আসছে বিএমএসএফ। এবছর বরাবরের চেয়ে আরও বৃহৎ পরিসরে উদযাপন করতে যাচ্ছে সংগঠনটি।
সাংবাদিকদের নিরাপত্তা, স্বীকৃতি ও পেশাগত নীতিমালার দাবিতে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপিও প্রেরণ করেছে বিএমএসএফ।
এই উদ্যোগকে সাংবাদিক সমাজ ইতিবাচকভাবে দেখলেও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।