বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি তাদের সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে চ্যানেলটির স্ক্রলে প্রচারিত এক ঘোষণায় বলা হয়, “অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।”
যদিও চ্যানেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি, তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাম্প্রতিক একটি সংবাদের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর কাছে ‘জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদ’ বিষয়ে করা প্রশ্নকে ঘিরেই মূলত পরিস্থিতি ঘোলাটে হয়।
এ ঘটনার জেরে দীপ্ত টিভির এক সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই সংবাদ সম্প্রচার ফের চালু হতে পারে বলেও সূত্রগুলো জানিয়েছে।
এ বিষয়ে এখনো চ্যানেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি ঘিরে সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে, অনেকেই বিষয়টিকে সংবাদপত্র ও সম্প্রচার স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলেও অভিহিত করছেন।