কুমিল্লা পুলিশ লাইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালানো বাদশা ফাহিম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার ফুফুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাদশা ফাহিম কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা চালানোর ঘটনায় ৫টি মামলা রয়েছে, তবে তার রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গত ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্সে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে অভিযানে নেমে তাকে গ্রেপ্তার করে। ফাহিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।