ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে শুরু হওয়া এই সংঘর্ষের পর সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চলতে থাকে, এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। রোববার রাতে সংঘর্ষ শুরু হলে সোমবার সকাল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ান দুই পক্ষের লোকজন। এক পর্যায়ে সংঘর্ষে অন্তত ১২-১৫টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত করতে কাজ চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে।