মোঃ সজিব সরদার, নিজস্ব প্রতিনিধি||
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পুরো ব্যাটালিয়ন সদর দপ্তর ছিল সাজ সজ্জায় সজ্জিত।
গত রবিবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন কোম্পানী সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সকলকে শুভেচ্ছা জানান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি পটুয়াখালী পৌঁছালে তাকে স্বাগত জানান ব্যাটালিয়ন পরিচালক সদন চাকমা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে তাঁকে ব্যাটালিয়নের একটি দল গার্ড সালাম প্রদান করেন এবং গার্ড সালাম প্রদানকারী দলকে পুরস্কার প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক সদন চাকমা, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বরগুনা জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল, ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম, পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমান, বরিশাল রেঞ্জ সহকারী পরিচালক নাওশিন শারিকাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে কেক কাটা, পায়রা উড়ানো, বেলুন উড়ানোর মধ্য দিয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং দরবারে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান গনি বলেন, "সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বির্নিমানে অবদান রাখা আত্নপ্রত্যয়ী ও দেশপ্রেমী হিসাবে ভূমিকা রাখা, রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি ও প্রাকৃতিক দূর্যোগসহ দেশের যেকোন জরুরী প্রয়োজনে জনগনের পাশে দাঁড়িয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সবশেষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, প্রীতিভোজে অংশগ্রহন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। স্মৃতি চিহ্ন হিসেবে ব্যাটালিয়ন সদরে একটি বারোমাসি সজনে গাছের চারা রোপন করেন তিনি।